Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Sunday, September 5, 2021

করোনাভাইরাস: যেসব নিয়ম মেনে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

 

স্কুলে পাঠদান শুরু হতে যাচ্ছে প্রায় দেড় বছর পরে

                                 স্কুলে পাঠদান শুরু হতে যাচ্ছে প্রায় দেড় বছর পরে

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ১২ সেপ্টেম্বর হতে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তার বিস্তারিত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনাভাইরাস মহামারীর পর গত বছরের মার্চের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রবিবার ঢাকার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি প্রস্তুতি এবং পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন অগাস্টের শেষ দিকে সংক্রমনের হার কমে যাওয়াতে তারা ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেদিন থেকে প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিকসহ সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান শুরু করবে।

তবে এক্ষেত্রে কিছু সরকারী নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন যেহেতু প্রায় ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে, তাই খোলার জন্য সার্বিক প্রস্তুতির দরকার রয়েছে। একই সঙ্গে নতুন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে সচেতনতা সৃষ্টির বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। 

যেসব নির্দেশনা মেনে চলতে হবে:

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণীকক্ষে পাঠদান শুরু করলেও সেখানে বেশ কিছু নিয়ম-কানুন এবং নির্দেশনা মেনে চলতে হবে:

•শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালাতে হবে।

•স্কুলে স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। স্কুলে যেতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক

•চলতি বছর এবং সামনের বছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের প্রতিদিনই ক্লাস নেয়া হবে।

•প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর ক্লাসও চলবে প্রতিদিন।

•প্রাথমিক স্কুলে প্রথম হতে চতুর্থ শ্রেণী এবং হাইস্কুলে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর ক্লাস চলবে সপ্তাহে একদিন করে।

•স্কুলে কোন অ্যাসেম্বলি হবে না। খেলাধূলা হবে স্বল্প পরিসরে। লাইন বেঁধে ক্লাসে ঢুকতে হবে এবং বেরুতে হবে।

•শুরুতে দিনে ৪ হতে ৫ ঘণ্টা করে ক্লাস নেয়া হবে। পরে সময় আরও বাড়ানো হবে।

•বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেটের সভা করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে

Saturday, September 4, 2021

স্কুল-কলেজ খুললেও ক্লাস হবে সপ্তাহে একদিন

দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাশাপাশি আগামী বছরের জন্য নতুন সিলেবাস প্রণয়নের কথাও জানান উপমন্ত্রী।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। নওফেল জানান, আগামী বছর থেকে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন তারপর থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা উপমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা করছি আমরা। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। তবে সেটা পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

উপমন্ত্রী বলেন, আমরা নতুন সিলেবাস প্রণয়নের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরই নতুন এ সিলেবাস বাস্তবায়ন করতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে ও টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি।